বনগাঁ হয়েই বাংলাদেশে ফিরবেন হাসিনা? আওয়ামি নেতাদের পেট্রাপোল পরিদর্শনের আগেই মিছিল মতুয়াদের
আগামী মাস অর্থাৎ ডিসেম্বরেই বাংলাদেশে ফেরার কথা শেখ হাসিনার। তার আগে নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। লাগাতার আক্রমণের মুখে পড়তে হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের। গত কয়েকদিন আগেই বাংলাদেশের নড়াইলে সংখ্যালঘু পরিবার এবং আওয়ামি দলের নেতাকর্মীরদের প্রায় ২০০ বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। ঘটনায় নাম জড়িয়েছে বিএনপির। এহেন পরিস্থিতিতে আজ, রবিবার আওয়ামি লিগের চার শীর্ষ নেতা বেনাপোল সীমান্ত পরিদর্শনে যেতে পারেন বলে সূত্রের খবর। প্রশ্ন উঠছে, বনগাঁর এই সীমান্ত দিয়েই দেশে ফিরবেন হাসিনা?
কড়া নিরাপত্তায় মোড়কে মুড়ে ফেলা হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা। এরই মধ্যে সনাতনীদের বিক্ষোভে উত্তাল পেট্রাপোল। ওপার বাংলায় লাগাতার হিন্দুদের উপর হামলা এবং চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে এদিন সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে হিন্দু সুরক্ষা সমিতি এবং মতুয়াদের একাধিক সংগঠন। বিক্ষোভ সমাবেশে এদিন উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া, বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার-সহ একাধিক বিজেপি নেতাও। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, ”চিন্ময়কৃষ্ণ প্রভু দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন। কোনও বিচার হচ্ছে না। চিন্ময়কৃষ্ণ হত্যা করেছেন যে বা যারা বলছেন, তাঁদের আগে জেলে যাওয়া উচিৎ।” বিধায়কের কথায়, গোটা বিশ্ব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
এই অবস্থায় হাসিনার উচিৎ পেট্রাপোল বন্দর দিয়েই জনস্রোত নিয়ে বাংলাদেশে ফেরা। শুধু স্বপন মজুমদারই নন, এই প্রসঙ্গে মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনীয়াও। তিনি বলেন, ”হাসিনার উচিৎ বাংলাদেশে যাওয়া। সে দেশের জনগনকে রক্ষা করার দায়িত্ব তাঁর কাঁধে। একেবারে অগণতান্ত্রিকভাবে তাঁকে ক্ষমতা থেকে সরানো হয়েছে। হাসিনা ফিরলে বাংলাদেশে ফের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।” পেট্রাপোলে বিক্ষোভ মতুয়াদের। সূত্রের খবর, রবিবার আওয়ামি লিগের শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন মায়া পেট্রাপোল-বেনাপোল সীমান্ত পরিদর্শনে যেতে পারেন।
পাশাপাশি, তাঁদের সঙ্গে যাবেন দলের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এবং প্রাক্তন সাংসদ সালাউদ্দিন নাসিম। কিন্তু কী কারণে তাঁরা সেখানে যাচ্ছেন, তা স্পষ্ট নয়। জানা যাচ্ছে, ওই অঞ্চলে তাঁরা তিন-চারদিন থাকবেনও। তার পর সেখান থেকে আগরতলা যাওয়ার কথা তাঁদের। বিশ্লেষকদের একাংশের মতে, হাসিনাকে কোন পথে ফেরানো যায়, তা পর্যবেক্ষণ করতেই আওয়ামি কর্মীদের এই সফর। তার আগেই ওপার বাংলায় চলা হিন্দু নির্যাতনের বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ সনাতনি সংগঠন এবং মতুয়াদের।
মতামত দিন