পুরান ঢাকায় এক দিন...
আমার মোবাইলের ক্যালেন্ডার অনুযায়ী আজ সোমবার। তারিখ ৫ অক্টোবর। সময় আনুমানিক ১১টা। আমি শাহবাগ মোড়ে দাঁড়িয়ে আছি। নানা ধরনের যানবাহনের দিকে তাকাচ্ছি। গন্তব্য আর্মানিটোলা। যাবতীয় বাস-রিকশা দেখা হচ্ছে। কোন বাস যাবে তা জানি না। একটা ভ্যাবসা গরমে মুখোমুখি অবস্থান। এখন আমি দিশারি নামে একটা ডাইরেক্ট বাসের শেষ দিককার সিটে অবস্থান করছি। তাপমাত্রার ধরনে বড়ই গরমিল মনে হচ্ছে। উপরের পাখাটা একরোখা। লড়বে না। এই হচ্ছে স্বভাব। আর্মানিটোলায় কোন বাস যায় আমি জানি না। তাই বাবুবাজারের বাসে চড়লাম।
এই অদ্ভুত পরিস্থিতিতে কবিতা মাথায় আসছে— আমি এখন একজন ভদ্রলোকের সাহায্যে আর্মেনিয়ান চার্চের গেটে। গেটে একজন পাহারাওয়ালা। খাতায় নাম এন্ট্রি করে ভেতরে ঢুকলাম। সময় ১২টা ২৫। ঢুকতেই দেখা মেলে খ্রিষ্টান সিমেট্রির। মাঝখানে চার্চ। নাম আর্মেনিয়ান চার্চ। ১৭৮১ সালে আর্মেনীয় ব্যবসায়ী আগা মিনাস ক্যাচিক নামে এক ভদ্রলোকের উদ্যোগে এই আরমানিটোলা এলাকায় চার্চটি নির্মিত হয়। হাঁটার সময় অতি প্রাচীন টমের দেখা মেলে। কিছু কিছু টমে আর্মেনিয়ান ভাষার ব্যবহারও লক্ষ করা যায়। খানিক বাঁক নিলেই জেসাস ক্রাইস্টের অবয়বের দেখা মেলে, যদিও এটার ডান হাতের দেখা মেলে না। পেছনে একটা লাল রঙের ভবনের অস্তিত্বের দেখা মেলে। সামনে লেখা—‘দর্শনার্থীদের প্রবেশ নিষেধ।’ অনেকগুলো টমে নামফলকও নেই। নিশ্চয়ই নাম-পরিচয় নেই। তাহলে পরিচয় কী! তাহলে মরার পরও নাম কেন থাকে!
আমাদের নাম পরিবার রাখে। আদমের নাম কে রাখল! রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি। গন্তব্য তারা মসজিদ। নানা অলিগলি ঠেলে আজব সংমিশ্রণের ঘ্রাণ নাকে টেনে হাঁটছি। পায়ের জুতার আওয়াজ টের পাওয়া যাচ্ছে। তারা মসজিদের প্রাঙ্গণে এসে পৌঁছলাম। এই মসজিদের সামনে তারকা স্টাইলে ঝরনা আছে। সামনে বড় করে লেখা ‘তারা মসজিদ’। ভেতরে স্থান সংকুলান। প্রতিটি নকশায় তারকা। আচ্ছা, তারা মসজিদের প্রতিষ্ঠাতার নাম যদি হতো বারা তারা! মুহূর্তেই বৃষ্টি নামল। সাহিত্যে যে বৃষ্টি দেখা যায়, এটার বর্ণনা তার চেয়ে ভিন্ন। দুজন বিদেশি পর্যটক অসহায়ের মতো বারান্দায় বসে আছেন। বৃষ্টি থামল।
এবারের গন্তব্য করতলব খান মসজিদ। এটার নির্মাতা নাকি মুর্শিদকুলি খান। তার পূর্বনাম করতলব। ১৭০০-১৭০৪ সালের আশপাশে এটা তৈরি। আবার বৃষ্টি। কতক্ষণ থামতে হয় কে জানে! করতলব খান মসজিদের অস্তিত্ব বাইরে থেকে একেবারেই দেখা মিলছে না। আরেকটা মোড় বাঁক নেওয়ার পর দেখা মিলল মসজিদের। ডান দিককার সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। মূল মসজিদে ঢোকার আগে হাতের বাঁয়ে খানিক খালি জায়গার দেখা মিলল। এখান থেকে এই মসজিদের পাঁচটি গম্বুজের দেখা খানিকটা মেলে। দেশের একমাত্র বাওলি (ধাপযুক্ত কুয়াবিশেষ) বোধ হয় এখানেই দেখা মেলে। সোজা ভেতরে ঢুকলেই উপরে ওঠার সিঁড়ি দেখা যায়। ওখানে একটা মাদরাসারও দেখা মিলবে। উপর থেকে এটার পরিপূর্ণ সৌন্দর্য পরখ করা যায়। এই মসজিদের আশপাশে তাকালে একে ইন্ট্রোভার্ট-মসজিদ বলা যায়।
মতামত দিন