ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার

আগস্ট ২০১৭। নাফ নদীর ওপারে রাখাইনের আকাশে তখন কেবল আগুনের লেলিহান শিখা আর বারুদের গন্ধ। প্রাণ বাঁচাতে লাখ লাখ মানুষ ছুটছে দিগ্বিদিক; কারো কোলে গুলিবিদ্ধ শিশু, কারো চোখে স্বজন হারানোর শূন্যতা, কার

আগস্ট ২০১৭। নাফ নদীর ওপারে রাখাইনের আকাশে তখন কেবল আগুনের লেলিহান শিখা আর বারুদের গন্ধ। প্রাণ বাঁচাতে লাখ লাখ মানুষ ছুটছে দিগ্বিদিক; কারো কোলে গুলিবিদ্ধ শিশু, কারো চোখে স্বজন হারানোর শূন্যতা, কারো শরীরে বর্বরতার ক্ষত। মিয়ানমারের সেনাবাহিনী এবং উগ্রপন্থি স্থানীয় মিলিশিয়াদের যৌথ অভিযানে রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো হয় ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা ও জাতিগত নিধন। নির্বিচারে গুলি, গণহত্যা, গণধর্ষণ এবং শিশু ও বৃদ্ধসহ হাজার হাজার মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার মতো মানবতাবিরোধী অপরাধ সেখানে সংঘটিত হয়। মিয়ানমার সেনাবাহিনী পরিকল্পিতভাবে শত শত রোহিঙ্গা গ্রাম জ্বালিয়ে দিয়ে পুরো জনপদ ধ্বংসস্তূপে পরিণত করে এবং তাদের কৃষিজমি ও সম্পদ লুটপাট করে।

এই বর্বরতাকে ‘জাতিগত নিধনের পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ (textbook example of ethnic cleansing) হিসেবে আখ্যায়িত করে জাতিসংঘের মানবাধিকার কমিশন। সেই ভয়াবহ গণহত্যার মুখে মাত্র কয়েক মাসের ব্যবধানে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে আশ্রয় নেয় বাংলাদেশে; যোগ দেয় আগে থেকে অবস্থান করা আরো প্রায় তিন লাখ স্বজনের সঙ্গে। মিয়ানমারের সামরিক শাসকেরা সেদিন পৈশাচিক গণহত্যাকে পাশ কাটিয়ে দম্ভ করে বলেছিল, এটি নিছকই ‘সন্ত্রাসবিরোধী অভিযান’। কিন্তু মিথ্যার মেঘ কখনো সত্যের সূর্যকে চিরকাল ঢেকে রাখতে পারে না। ৯ বছরের দীর্ঘ অপেক্ষা, অশ্রু আর আইনি লড়াইয়ের পর অবশেষে ২০২৬ সালের ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগের পিস প্যালেসে রচিত হলো এক নতুন ইতিহাস। জাতিসংঘের সর্বোচ্চ আদালত—আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) তার ৮০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার (Genocide) দায়ে দোষী সাব্যস্ত করল।

প্রায় তিন ঘণ্টাব্যাপী রায় পাঠের সময় আদালতের প্রেসিডেন্ট জাপানের বিচারপতি ইউজি ইওয়াসাওয়ার কণ্ঠে যেন প্রতিধ্বনিত হচ্ছিল লাখো নির্যাতিত রোহিঙ্গার আর্তনাদ। আদালতের ১৫ সদস্যের বিচারক প্যানেলে ৯-৬ ভোটে মিয়ানমারকে জেনোসাইডের জন্য দায়ী করা হয়। মিয়ানমারের ‘সন্ত্রাসবিরোধী অভিযানের’ খোঁড়া যুক্তি এক ফুৎকারে উড়িয়ে দিয়ে বিচারপতি ইওয়াসাওয়া দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন—‘নির্দিষ্ট স্থানে পুরুষ ও কিশোরদের মৃত্যুদণ্ডের মতো হত্যা, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের লক্ষ্যবস্তু বানানো এবং পরিকল্পিতভাবে গ্রাম জ্বালিয়ে দেওয়া—এসব কোনোভাবেই সন্ত্রাসবিরোধী অভিযানের উদ্দেশ্যের সঙ্গে সংগতিপূর্ণ নয়।’ আদালত স্পষ্ট ভাষায় জানায়, সব তথ্য-প্রমাণ একত্রে পর্যালোচনা করে এটিই একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত যে, উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই মিয়ানমার এই গণহত্যা বা জাতিগত নিধনযজ্ঞ চালিয়েছে। মিয়ানমার রাষ্ট্রযন্ত্র যে জনগোষ্ঠীকে যুগ যুগ ধরে ‘বাঙালি’ বা বহিরাগত বলে অস্বীকার করে আসছিল, বিশ্ব আদালত তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতির স্বতন্ত্র এক জাতিসত্তা হিসেবে স্বীকৃতি দিয়েছে। রায়ে ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের অধীনে গণহত্যার পাঁচটি ক্যাটাগরির মধ্যে তিনটিতেই মিয়ানমারকে সরাসরি দোষী সাব্যস্ত করা হয়েছে। রায়ের পাতায় উঠে এসেছে গা শিউরে ওঠার মতো নৃশংসতার প্রমাণ।

এতে বলা হয়, লক্ষ্যবস্তু হওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে অন্তত ১০ হাজার মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পুরুষ ও কিশোরদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি বা জবাই করা হয়েছে, রেহাই পায়নি নবজাতক শিশুরাও। নারী ও কিশোরীদের ওপর চালানো হয়েছে ব্যাপক গণধর্ষণ ও যৌন সহিংসতা। আদালত উল্লেখ করেছে, এসব ঘটনা ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের মনে এমন গভীর মানসিক ক্ষত তৈরি করেছে, যা একটি জনগোষ্ঠীর উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার শামিল। এছাড়া পরিকল্পিত যৌন সহিংসতা ও অঙ্গহানির মাধ্যমে ভবিষ্যতে রোহিঙ্গা জনগোষ্ঠীর ভেতরে সন্তান জন্মদান প্রতিরোধ করার মতো ঘৃণ্য পথও বেছে নিয়েছিল মিয়ানমার সেনাবাহিনী।

তথ্যসূত্র ও ঋণস্বীকার: আমার দেশ ↗

আরও খবর

সব সংবাদ ↗

মতামত দিন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনাদের মতামত জানান।

মতামত দিন ↗