শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ / সন্ধ্যা ৬:২৮ঢাকা, বাংলাদেশ যোগাযোগ ↗
এইমাত্র
সংবাদ

মন্ত্রিসভায় রদবদল আনতে পারেন ট্রাম্প: সিক্সটি মিনিটস অনুষ্ঠানে জানালেন তিনি

মন্ত্রিসভায় রদবদল আনতে পারেন ট্রাম্প: সিক্সটি মিনিটস অনুষ্ঠানে জানালেন তিনি

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর প্রশাসনে রদবদল আনতে যাচ্ছেন তিনি।

‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ট্রাম্প এই ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসের জায়গায় তিনি বসালেন কট্টর অভিবাসনবিরোধী স্টিফেন মিলারকে।

রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের কাছে হারের পর ডোনাল্ড ট্রাম্প সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকার দেন। এ সময় ‘সিক্সটি মিনিটস’-এর সঞ্চালক রস ডৌথাট তাঁকে প্রশ্নে করেন, তিনি মন্ত্রিসভার কাউকে ছাঁটাই করার কথা ভাবছেন কি না। জবাবে প্রেসিডেন্ট বলেন, ‘হ্যাঁ, আমি ভাবছি। কিছুটা হলেও ভাবছি।’

ট্রাম্প সাক্ষাৎকারে বলেন, ‘আমি আমার মন্ত্রিসভার সদস্যদের ভালোবাসি। আমি মনে করি তাঁরা ভালো করছেন। তবে আমি...হয়তো কিছু পরিবর্তন আনব।’

ট্রাম্প ইঙ্গিত দেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আপাতত নিরাপদ আছেন। অবশ্য সিবিএস নিউজ আগে প্রতিবেদন করেছিল, এই সপ্তাহে ট্রাম্প তাঁর উপদেষ্টাদের কাছে জানতে চেয়েছিলেন, পেন্টাগন প্রধানকে স্বপদে বহাল রাখা উচিত কি না।

ডৌথাট প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চান, হেগসেথের ওপর তাঁর আস্থা আছে কি না। জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, আছে।’

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘দেখুন, আমরা দুটি যুদ্ধে জিতেছি। আমরা ভেনেজুয়েলায় জিতেছি এবং ইতিমধ্যে শত শত ডলার তুলে এনেছি। আর আমরা আরও শত শত কোটি ডলার বের করে আনব এবং খুব সুন্দরভাবে মানিয়ে চলব। আপনি এটাকে একটা ভূখণ্ড বলতে পারেন কিংবা যা ইচ্ছা বলতে পারেন। আমরা এক ঘণ্টারও কম সময়ে সেই যুদ্ধে জিতেছি।’

শুক্রবার ওয়াইলসের বিদায়ের কথা ঘোষণার পর সাংবাদিকদের ট্রাম্প বলেন যে তিনি ‘একটি পরিবর্তন আনতে চেয়েছিলেন’, এবং যোগ করেন, ‘জীবনের কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কিছু পদক্ষেপ নিতেই হয়।’ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের জের ধরেই বৃহস্পতিবার ওয়াইলস পদত্যাগপত্র জমা দেন বলে সিবিএস নিউজ জানিয়েছে।

ট্রাম্প প্রশাসনের যেসব প্রভাবশালী ব্যক্তি পদত্যাগ করেছেন, তাঁদের মধ্যে ওয়াইলস অন্যতম। চলতি বছরের শুরুর দিকে ক্যাবিনেটের কয়েকজন কর্মকর্তা—অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এবং লেবার সেক্রেটারি লরি চাভেজ-ডি রিমার বিদায় নিলেও, টেলিভিশনে মানুষকে ছাঁটাই করে দেশজুড়ে খ্যাতি পাওয়া এই প্রেসিডেন্ট মূলত তাঁর টিমকে এত দিন অক্ষতই রেখেছিলেন।

সূত্র: Prothom Alo - Latest

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV