২০০ প্রতিষ্ঠানের নতুন উদ্ভাবন নিয়ে টেক্সটাইল ইনোভেশন এক্সপো শুরু

বাংলাদেশের বস্ত্র ও পোশাকশিল্পের নতুন সব উদ্ভাবন নিয়ে রাজধানীতে শুরু হলো তিন দিনব্যাপী ‘টিআইই–আইটিইটি টেক্সটাইল ইনোভেশন এক্সপো ২০২৬’। বৃহস্পতিবার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। দেশে প্রথমবারের মতো আয়োজিত এই বিশেষায়িত এক্সপোতে ৫০টি বস্ত্র ও পোশাক কারখানা নিজস্ব উৎপাদনপ্রক্রিয়ায় উদ্ভাবিত ও বাস্তবায়িত প্রযুক্তি এবং কার্যকর সমাধান তুলে ধরছে। পাশাপাশি প্রায় ২০০টি প্রযুক্তি, যন্ত্রপাতি ও শিল্পসমাধান সরবরাহকারী প্রতিষ্ঠান আধুনিক যন্ত্রপাতি, নতুন উপকরণ, অটোমেশন, কেমিক্যাল প্রসেসিং প্রযুক্তি ও বিভিন্ন শিল্পসমাধান প্রদর্শন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি ফজলে শামীম এহসান, বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) পরিচালক ড. মো. হাসিব উদ্দিন, নাফিস-উদ-দৌলা, বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) সভাপতি মো. আব্দুল হামিদ; অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) উপদেষ্টা কমিটির সদস্য প্রকৌশলী আব্দুস সোবহান, আরএইচ করপোরেশনের (আজিজ গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান) নির্বাহী পরিচালক এএসএম হাফিজুর রহমান নিক্সন। টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জের (টিআইই) উদ্যোগে ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) সহযোগিতায় এই এক্সপোর আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইইর কৌশলগত ও রিপোর্টিং লিড এনামুল হাফিজ লতিফী। টিআইইর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। টেক্সটাইল ইনোভেশন এক্সপোর প্রথম এই আসরে থাকবেন ১০০টি ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ৩০টিরও বেশি দেশ থেকে আসা ২০০ জনের বেশি আন্তর্জাতিক প্রতিনিধি। এক্সপোতে একই ছাদের নিচে থাকছে চারটি সমান্তরাল প্রদর্শনী—ডাইং অ্যান্ড প্রিন্টিং, টেক্সটাইল ম্যাটেরিয়ালস, গ্রিন অ্যান্ড সাসটেইনেবিলিটি এবং গার্মেন্টস অ্যান্ড অটোমেশন। তিন দিনব্যাপী এ প্রদর্শনী আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলবে।
শুক্রবার ‘ডিএসএল প্রেজেন্টস টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬’-এ উৎপাদনপ্রক্রিয়া, প্রযুক্তি, পণ্য ও বাজার উন্নয়ন, পরিবেশগত ও সামাজিক টেকসইতা এবং সাংগঠনিক উন্নয়নসহ আটটি বিভাগে উল্লেখযোগ্য উদ্ভাবনী অবদানের স্বীকৃতি দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ আয়োজনের মাধ্যমে বিশ্ববাজারে এমন একটি বার্তা দিতে চান যে, ‘বাংলাদেশ শুধু সাশ্রয়ী মূল্যে উৎপাদনের দেশ নয়, বরং উদ্ভাবননির্ভর বস্ত্র ও পোশাকশিল্পের এক সম্ভাবনাময় কেন্দ্র।’ আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।