রাজনীতি

হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ
হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ
হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা। ছবি: বাসসরাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য রয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা। ছবি: বাসসরাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এর আগে গত ১ নভেম্বর এ মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে গ্রেপ্তার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক অসুস্থ থাকায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হয়নি।

ফলে ওইদিন শুনানি হয়নি। পরে আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এর আগে গত ৭ অক্টোবর অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত ছিল।

তবে ওই সময় চিফ প্রসিকিউটর বিদেশে ছুটিতে থাকায় শুনানি পিছিয়ে ১ নভেম্বর নির্ধারণ করা হয়। গত ২৭ আগস্ট হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওইদিন অভিযোগ আমলে নিয়ে হাসিনাসহ পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

পরে এ মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে মামলাটিতে মোট ১১ জন আসামি গ্রেপ্তার রয়েছেন। গত ৩ সেপ্টেম্বর হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তি প্রকাশের পরও তারা হাজির হননি। এরপর গত ১৬ সেপ্টেম্বর তাদের পলাতক ঘোষণা করে প্রত্যেকের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৭ অক্টোবর দিন ধার্য করা হয়েছিল।

এ মামলায় গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং ফারজানা রুপা। অন্যদিকে, পলাতক আসামিদের মধ্যে রয়েছেন হাসিনা, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম ও জাহাঙ্গীর কবির নানক। এ ছাড়া রয়েছেন সাবেক পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক প্রতিমন্ত্রী মৃণাল কান্তি দাস, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ এবং গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ইমরান এইচ সরকার।

পলাতক আসামিদের তালিকায় পুলিশের সাবেক আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, তৎকালীন র‍্যাবের মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি শেখ মারুফ হাসান, অতিরিক্ত আইজিপি (এসবি) মাহবুব হোসেন ও মনিরুল ইসলামও রয়েছেন। এ ছাড়া তৎকালীন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপকমিশনার মো. আনোয়ার হোসেন, ট্রাফিক দক্ষিণ বিভাগের উপকমিশনার আশরাফুজ্জামান, মতিঝিল জোনের তৎকালীন সহকারী পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান, পুলিশের সাবেক ডিআইজি হারুন-অর-রশীদ, ডিআইজি বিপ্লব কুমার সরকার, ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অব.) এস এম শিবলী নোমান এবং মতিঝিল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী এ মামলার পলাতক আসামি। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে তৎকালীন সরকার পরিকল্পিতভাবে হেফাজতে ইসলামের নিরস্ত্র নেতাকর্মীদের ওপর গণহত্যা চালায়।

ওই দিন তৎকালীন প্রধানমন্ত্রী হাসিনা গণভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সরকারের বিভিন্ন দায়িত্বশীল মন্ত্রী, সংসদ সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন। অভিযোগে বলা হয়েছে, ওই বৈঠকে হাসিনা হেফাজতে ইসলামের সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের যেকোনো উপায়ে রাতের মধ্যেই শাপলা চত্বর থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

এরপর তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকারের নেতৃত্বে পুলিশ, র‍্যাব ও বিজিবির প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ কন্ট্রোল রুমে যৌথ বৈঠক করেন। সেখানে শাপলা চত্বর ও আশপাশের এলাকায় সশস্ত্র অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, অভিযান পরিচালনার জন্য তিন বাহিনী আলাদা নাম নির্ধারণ করে।

পুলিশের অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিকিউরড শাপলা’, র‍্যাবের অভিযানের নাম ‘অপারেশন ফ্ল্যাশ আউট’ এবং বিজিবির অভিযানের নাম ‘অপারেশন ক্যাপচার শাপলা’। তবে পুরো অভিযানটি ‘অপারেশন ফ্ল্যাশ আউট’ নামে পরিচিতি পায়। প্রসিকিউশনের দাবি, অভিযানের নামকরণের ধরন থেকেই বোঝা যায়, এটি কোনো সাধারণ অভিযান ছিল না।

অভিযোগের বিবরণে আরো বলা হয়েছে, ৫ মে দিবাগত রাত আড়াইটার দিকে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে অভিযান শুরু করা হয়। সমাবেশস্থলে থাকা হেফাজতের নেতাকর্মীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড, কালার স্মোক গ্রেনেড, মাল্টি ইমপ্যাক্ট গ্রেনেড, খণ্ডিত বল প্রজেক্টাইল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেন। এতে ঘটনাস্থলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

এ সময় হেফাজতের নেতাকর্মীরা প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন। অনেকে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করেন। এর মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে শর্টগান ও প্রাণঘাতী অস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

একপর্যায়ে হেফাজতের নেতাকর্মীরা বিভিন্ন পথে ঢাকা ছাড়ার চেষ্টা করেন। অভিযোগ অনুযায়ী, যাওয়ার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার শিকার হন তারা। এতে হতাহতের ঘটনাও ঘটে।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, রাতের অভিযান এবং দিনভর হামলা ও আক্রমণে শাপলা চত্বর, মতিঝিল ও আশপাশের এলাকায় হেফাজতে ইসলামের ৩২ জন নেতাকর্মী নিহত ও নিখোঁজ হওয়ার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মাধবীনগরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও আশপাশের এলাকায় ২০ জন, চট্টগ্রামে পাঁচজন এবং কুমিল্লায় একজন নিহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে একটি ধর্মীয় গোষ্ঠীর ওপর পরিকল্পিতভাবে গণহত্যা চালিয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ এনেছে প্রসিকিউশন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

সূত্র: আমার দেশ

মতামত (০)

এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।

আরও পড়ুন

বিজ্ঞপ্তি

এটি 24TV.Live এর বেটা সংস্করণ। আপনার মতামত জানান।

মতামত দিন ↗
অ্যাপ ডাউনলোড Android Android TV