সৌদি প্রবাসীর পাঠানো ১৭ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও

সৌদি আরব থেকে প্রবাসীর পাঠানো প্রায় ১৭ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগে বরিশালের কাজিরহাট থানায় দুই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রবাসীর ভাই রানা চৌধুরী বাদী হয়ে এই অভিযোগ করেন। অভিযুক্ত ব্যক্তিরা স্বর্ণ বুঝিয়ে না দিয়ে বর্তমানে আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী রানা চৌধুরীর ভাই রাসেল চৌধুরী ও অভিযুক্ত মাসুদ সরদার দুজনেই সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছেন। গত ৬ নভেম্বর রাসেল চৌধুরী সৌদি আরব থেকে ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার মাসুদ সরদারের কাছে দেন, যা দেশে এসে রানার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। একই দিনে বিমানবন্দর থেকে মাসুদকে রিসিভ করেন তার সহযোগী রাশেদ খা। বাদী রানা চৌধুরী জানান, এরপর থেকেই মাসুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন তিনি। গত ৯ নভেম্বর সন্ধ্যায় রানা তার বন্ধু দেলোয়ারকে সঙ্গে নিয়ে মাসুদ সরদারের বাড়িতে যান। সেখানে কাউকে না পেয়ে অভিযুক্ত দুজনকে ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এতে তাদের বিশ্বাস জন্মে যে, ওই দুজন মিলে স্বর্ণালংকার আত্মসাৎ করে পালিয়ে গেছেন।
জানা গেছে, অভিযোগকারী রানা চৌধুরীর বাড়ি লক্ষ্মীপুরে হলেও অভিযুক্ত মাসুদ সরদার ও রাশেদ খাঁর বাড়ি বরিশালের কাজিরহাটে। অভিযোগে মাসুদের বয়স ২৬ বছর এবং রাশেদের বয়স ২৫ বছর বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ঘটনার সাক্ষী হিসেবে প্রবাসী বড় ভাই রাসেল চৌধুরীর নাম রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রতিকার চেয়ে কাজিরহাট থানার ওসি বরাবর লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী রানা চৌধুরী। পুলিশ জানিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা যাচাই করে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।