ডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

প্রতীকী ছবিমালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য এখন পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র (ডিমান্ড লেটার) পেয়েছে সরকার। সব প্রক্রিয়া চূড়ান্ত করে ডিসেম্বরের আগে দেশটিতে কর্মী পাঠানো শুরু করতে চায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
প্রতীকী ছবিমালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য এখন পর্যন্ত ৫৬৮টি চাহিদাপত্র (ডিমান্ড লেটার) পেয়েছে সরকার। সব প্রক্রিয়া চূড়ান্ত করে ডিসেম্বরের আগে দেশটিতে কর্মী পাঠানো শুরু করতে চায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের মাধ্যমে এ কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মালয়েশিয়ায় বিনা অভিবাসন ব্যয়ে কর্মী নির্বাচন ও সার্বিক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাশেদুল হক বলেন, ‘আমরা আজ পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছি।
ডিসেম্বরের পূর্বে আমরা চূড়ান্ত করে ফেলব। ডিএইচএলের সহযোগিতা পেলে আমরা দ্রুত তাদের বিদেশে পাঠাতে পারব। ডিসেম্বরের আগে আমি চাইছি, এখন যদি কোনো কারণে এক দিন–দুই দিন দেরি হয়, সেটা ভিন্ন বিষয়।
কিন্তু চাইছি, ডিএইচএলের মাধ্যমে সেটা শুরু হোক। বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদাপত্র পাওয়ার ভিত্তিতে পর্যায়ক্রমে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
এর অংশ হিসেবে প্রথম ধাপে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলে ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে আজ চূড়ান্ত কর্মী নির্বাচন শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বোয়েসেল স্বল্প ও শূন্য অভিবাসন ব্যয়ে নিরাপদ, নৈতিক ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে কাজ করছে।
নিয়োগপ্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাগত যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিয়োগপ্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরে রাশেদুল হক জানান, গত ২ নভেম্বর মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএল থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। তিনি আরো জানান, সমান সুযোগ ও শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে ৮ নভেম্বর অনলাইন সফটওয়্যার লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন কর্মী নির্বাচন করা হয়। দুটি পদে তাদের নির্বাচন করা হয়েছে।
এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন। প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। এ জন্য মালয়েশিয়া থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে।
প্রতিনিধি দলের সদস্যরা আজ ১২ নভেম্বর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবেন। রাশেদুল হক বলেন, বাছাইপ্রক্রিয়ায় বোয়েসেল কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। নিয়োগকর্তা যাদের নির্বাচন করবেন, তারাই চূড়ান্ত বলে গণ্য হবেন।
এই নিয়োগ কার্যক্রম সরকারিভাবে সম্পূর্ণ শূন্য অভিবাসন ব্যয়ে পরিচালিত হচ্ছে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, নির্বাচিত কর্মীদের অভিবাসনসংক্রান্ত সরকার নির্ধারিত সব ব্যয় মালয়েশিয়ার নিয়োগকারী কোম্পানি বহন করবে। বোয়েসেল নিয়োগকারী প্রতিষ্ঠান বা কর্মীর কাছ থেকে কোনো ধরনের অভিবাসন ব্যয় কিংবা সার্ভিস চার্জ নেবে না।
অর্থাৎ, শূন্য মানে শূন্য। নিয়োগের কোনো পর্যায়ে দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত ব্যক্তি অর্থ গ্রহণের চেষ্টা করলে কিংবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণ সাপেক্ষে উভয়ের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। এ সময় প্রার্থীদের যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার বিশেষ অনুরোধ জানান।
রাশেদুল হক বলেন, অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই তাদের লক্ষ্য। একজন সাধারণ শ্রমিক যেন নিজের শ্রম, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিদেশে কাজের সুযোগ পান, এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য সেটি। আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।





মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।