এলডিসি উত্তরণের প্রস্তুতিতে রপ্তানি বহুমুখীকরণ আর ঐচ্ছিক নয়: ডিসিসিআই সভাপতি

কানাডার বাজারে বাংলাদেশের পাট খাতের এসএমই উদ্যোক্তাদের রপ্তানি সক্ষমতা সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং ট্রেড ফ্যাসিলিটেশন অফিস (টিএফও) কানাডার যৌথ উদ্যোগে ‘ট্রেড ফর রেজিলিয়েন্ট, ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল ইকোনমিক গ্রোথ (ট্রাইসেগ)’ শীর্ষক প্রকল্প চালু হয়েছে। রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে বৃহস্পতিবার এই প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ। বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম। অনুষ্ঠানের সূচনা বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, বাংলাদেশ যখন স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে, তখন আমাদের রপ্তানি বহুমুখীকরণ আর কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি অত্যাবশ্যকীয় একটি বিষয়। সত্যিকার অর্থে একটি সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে আমাদের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে, বিশেষ করে নারী উদ্যোক্তাদের নেতৃত্বাধীন এবং অপেক্ষাকৃত কম প্রতিনিধিত্বশীল উদ্যোগগুলোকে বৈশ্বিক বাজারের সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি বলে তিনি মত প্রকাশ করেন।
ডিসিসিআই সভাপতি আশা প্রকাশ করে বলেন, ট্রাইসেগ প্রকল্পটি সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত ব্যবসায়িক পরামর্শ এবং সরাসরি বাজার সংযোগ সহায়তার মাধ্যমে এসএমই উদ্যোক্তাদের রপ্তানি সক্ষমতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কানাডাসহ অন্যান্য আন্তর্জাতিক বাজারে নতুন ব্যবসায়িক সম্ভাবনা ও সুযোগ অন্বেষণ করতে সক্ষম হবে। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হাসান আরিফ বলেন, চলমান ভূরাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ২০২৫ সালে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৪৮ বিলিয়ন মার্কিন ডলার। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশি পণ্যের রপ্তানির ক্ষেত্রে কানাডা শীর্ষ ১০টি গন্তব্যের মধ্যে অন্যতম, যেখানে দেশটিতে বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ১.৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তিনি জানান, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশের পাট ও পাটজাত খাতে ২৫ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে, যা বেশ আশাব্যঞ্জক। তবে এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশের রপ্তানি খাতকে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই প্রবৃদ্ধি ও প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে পণ্যের বহুমুখীকরণ অত্যন্ত জরুরি বলে তিনি মত প্রকাশ করেন। অতিরিক্ত সচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম বলেন, পাটজাত পণ্যের রপ্তানি সম্প্রসারণের জন্য আন্তর্জাতিক বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্যের বহুমুখীকরণের পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ ও পণ্যের গুণগত মান নিশ্চিত করার ওপর তিনি জোরারোপ করেন। সেই সঙ্গে দেশের পাট খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিজেদের উৎপাদিত পণ্যের বহুমুখীকরণ, মান উন্নয়ন এবং মানদণ্ড পরিপালনে এ প্রকল্প সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
টিএফও কানাডার প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফ আহমেদ জানান, প্রকল্পটির আওতায় প্রায় ৩ হাজার ২০০ ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) খাতের উদ্যোক্তা কানাডার স্থানীয় বাজারে নিজেদের উৎপাদিত পণ্যের প্রবেশাধিকার বৃদ্ধিতে সার্বিক সহযোগিতা পাবেন। তবে তাঁদের ৬৭ শতাংশ হবেন নারী উদ্যোক্তা এবং বাংলাদেশের প্রায় ২০০ এসএমই এ ধরনের সহযোগিতা পাওয়ার সুযোগ রয়েছে। অনুষ্ঠানে লাইটক্যাসল পার্টনার্সের প্রিন্সিপাল বিজনেস কনসালট্যান্ট ও পোর্টফোলিও ম্যানেজার ওমর ফারহান খান বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ পাট উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও পাটজাত পণ্যের মূল্য সংযোজনের অভাবে দেশটি ৩ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক বাজারের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারছে না। পণ্যের বহুমুখীকরণ, মূল্য সংযোজন, উদ্ভাবন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার বৃদ্ধির মাধ্যমে দেশের পাট খাতের সম্প্রসারণে এ প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের নির্ধারিত আলোচনায় বাংলাদেশে কানাডার দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি দিনা মুজিচ, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট) মাহবুবুর রহমান, জুট ল্যান্ড বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক প্রতিমা চক্রবর্তী এবং বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের পরিচালক মো. সাইফুল ইসলাম প্রমুখ অংশ নেন।
আগামী ১০ বছরের জন্য পাটজাত পণ্যে শুল্কমুক্ত সুবিধা প্রদান, কাঁচা পাটের মূল্য নির্ধারণের পাশাপাশি এ খাতের পণ্য সরবরাহের সাপ্লাই চেইন ব্যবস্থার উন্নয়নের আহ্বান জানান মো. সাইফুল ইসলাম। এ ছাড়া পাট খাতের নারী উদ্যোক্তাদের আর্থিক সুবিধা প্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণ ও সার্টিফিকেশন কমপ্লায়েন্স ব্যয় হ্রাসের ওপর জোরারোপ করেন প্রতিমা চক্রবর্তী। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মাহবুবুর রহমান বলেন, কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক গৃহীত নানাবিধ উদ্যোগ থেকে প্রাপ্ত সুবিধা সম্পর্কে সচেতনতার অভাবের কারণে অনেক এসএমই উদ্যোক্তা ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংকের ‘উইমেন এন্ট্রাপ্রেনার ডেভেলপমেন্ট ফান্ড’-এর আওতায় ৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যেখান থেকে নারী উদ্যোক্তারা ৫ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন। অনুষ্ঠানে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মান প্রমুখ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




মতামত (০)
এখনও কোনো মন্তব্য প্রকাশিত হয়নি। প্রথম মতামতটি আপনার হোক।